আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- প্রকাশের সময় : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 181
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ করেন।
অন্য দুই অভিযুক্ত হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। অভিযোগটি গ্রহণ করা হয়েছে জানিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, বিষয়টি সাইবার–সম্পর্কিত। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। তাদের বক্তব্য ও অনলাইন কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে, যার ফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ড বাড়ছে।
এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। পুলিশ সূত্র জানায়, ধানমন্ডি এলাকা থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যের কারণে সাংবাদিক আনিস আলমগীর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।




















