জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য : প্রেস সচিব
- প্রকাশের সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 80
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটি আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার প্রমাণও রয়েছে।”
তিনি শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে বলেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা চাই তাদের দেশে এক্সট্রাবিশন করা হোক। দেশের এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় দ্রুত কার্যকর করা হবে। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আমরা দেশে ফিরিয়ে আনবো। এটি শহীদদের প্রতি আমাদের দায় এবং শপথ।”
শফিকুল আলম বলেন, “কোনো মাইনাস ফোরের কথা আমরা বলিনি। যারা এটি বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো। খালেদা জিয়া আমাদের জাতীয় নেতা এবং জনসাধারণের নেতা। আমরা তার সুস্থতা কামনা করি এবং চাই তিনি দেশে ফিরে আসুন।”
প্রেস সচিব আরও বলেন, “সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন হোক।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি।




















