প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান
- প্রকাশের সময় : ১১:২৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 76
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে, এমন সময় যখন বার্ষিক পরীক্ষার আর খুব বেশি দেরি নেই।
বুধবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ৩০ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর থেকেই কর্মবিরতি শুরু করা হয়েছে।
সংগঠনটির বক্তব্য অনুযায়ী, ৮ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণের পর পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। পরে ৯ ও ১০ নভেম্বর দুই দফা বৈঠকে ৩ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস এলেও ১৫ দিন পার হয়ে গেছে, তবু কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
তাদের দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক আছেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার। সম্প্রতি প্রধান শিক্ষক ও ১৩তম গ্রেডের শিক্ষকদের বেতন উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সমমানের যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য ক্যাডার ও মাধ্যমিকের সহকারী শিক্ষকরা যেখানে ১০ম গ্রেড পাচ্ছেন, সেখানে প্রাথমিকের সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন।




















