সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম দ্বিগুণ বাড়ল
- প্রকাশের সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 96
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন হার আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ তথ্য জানায়। এর আগে গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। পরে কমিশনের কারিগরি কমিটি সব দিক বিবেচনায় নিয়ে বর্তমান হার নির্ধারণ করে।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম নির্ধারণে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে। দাম বৃদ্ধি পেলে সার উৎপাদন ব্যয় বাড়বে, যা কৃষি খাতে প্রভাব ফেলতে পারে। যদিও জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম, তবে দেশের খাদ্য নিরাপত্তা ও বিপুল কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে এলএনজি আমদানির খরচকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।























