যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না : সালাহউদ্দিন আহমেদ
- প্রকাশের সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 79
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আল্লাহর রাসুলকে যারা মানে না তারা মুসলিম হতে পারে না এবং এ বিষয়ে বিএনপি একমত। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ মূলনীতিকে পুনর্বহাল করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী এবং তার পরে নবীর দাবি ইসলামের মৌল বিশ্বাসের পরিপন্থী। এ বিশ্বাসেই মুসলমানরা কালেমা পাঠ করে।
মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ পাঁচটি দেশের আলেম-ওলামা অংশ নেন। বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী সম্মেলনে বিপুল ধর্মপ্রাণ মুসলিমের উপস্থিতি দেখা যায়।
























