ঢাকায় শীতের ছোঁয়া, সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
- প্রকাশের সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 118
ঢাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ রাত থেকেই হালকা ঠান্ডা ও কুয়াশার উপস্থিতি শীতের আগমনী বার্তাকে স্পষ্ট করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের বাকি সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।
এর আগে গত রাতে সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছিল, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের আমেজের সঙ্গে রাজধানীর দিনযাপনেও পরিবর্তন দেখা যাচ্ছে—সকালের শুরুতেই কমছে তাপমাত্রা, বাড়ছে ঠান্ডা অনুভূতি।




















