অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা
- প্রকাশের সময় : ১০:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 86
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আগামী সপ্তাহে নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি অংশ নেবেন ভারত মহাসাগরীয় পাঁচ দেশের নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ-এর সপ্তম নিরাপত্তা সংলাপে, যা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর দিল্লিতে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাস দমন ও তথ্য আদান–প্রদানসহ বিভিন্ন ইস্যু এই সংলাপে গুরুত্ব পাবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে ড. খলিলুর রহমানের প্রথম ভারত সফর, যা দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, মূল সংলাপের বাইরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। সেখানে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো আলোচনায় আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




















