১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ
- প্রকাশের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 113
১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে রাস্তার পাশে খোলা পরিবহন জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, যাতে কোনো দুর্বৃত্ত এসব তেল ব্যবহার করে অগ্নিসংযোগ বা নাশকতা ঘটাতে না পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বর ঘিরে বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। সন্ত্রাসী বা নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের নিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “অনেকে বলেন, সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। তাই সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ থাকবে—যেন এসব অপরাধীরা সহজে জামিন না পায়।”
তিনি জানান, ১৩ নভেম্বরকে ঘিরে কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রস্তুতি সম্পন্ন হলে আমরা একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়াও পরিচালনা করব।”
























