তারেক রহমানের অনশন ৬৯ ঘণ্টা পার, ইসির কোনো প্রতিক্রিয়া নেই
- প্রকাশের সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 97
নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৬৯ ঘণ্টা অনশন চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং চারটি স্যালাইন পুশ করা হয়েছে। এর মধ্যেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া দেখায়নি।
শুক্রবার সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, টানা তিনদিন একই পোশাকে তারেক রহমান অনশন কার্ড হাতে নিয়ে ইসির প্রধান ফটকের সামনে বসে আছেন। অনশন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার খোঁজখবর নিচ্ছেন।
আমরণ অনশনে থাকা তারেক রহমান বলেন, “৬৯ ঘণ্টা এক ফোটা পানিও খাইনি। এতো সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। চারটি স্যালাইন পুশ করা হয়েছে। দেখি কতক্ষণ থাকতে পারি।”
বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনের ভবনের প্রধান ফটকে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “তারেক রহমান দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। একটি বৈধ রাজনৈতিক দল গঠন করেছেন এবং নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছেন। তিনি কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করেননি।”
মঙ্গলবার অনশন শুরুর পর আরও কয়েকটি দলের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বুধবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও সংহতি প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিবন্ধনের দাবি জানান।
























