দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে
- প্রকাশের সময় : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 109
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের আমেজ পুরোপুরি পেতে অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষ দিক পর্যন্ত। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটির তথ্যমতে, কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আগামী ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া অনুকূলে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই সময় ধান কাটা ও শীতকালীন শাকসবজি চাষের উপযুক্ত সময় বলে জানিয়েছে বিডব্লিউওটি।
লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কমছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কিছু স্থানে সামান্য বৃষ্টি হতে পারে, তবে ২০ নভেম্বরের আগে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটির ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নেই। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। একই সময় দেশে একটি বৃষ্টি বলয়ও দেখা দিতে পারে।
সংস্থাটি আরও জানায়, ডিসেম্বরের শুরুতেই দেশের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।




















