পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক
- প্রকাশের সময় : ০৪:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 98
- আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগে তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক পৃথক চিঠিতে এসব ব্যাংককে জানায় যে, পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে এগুলো পরিচালিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পাঁচ ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
এদিকে আজ বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের সামনে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংকের আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তারল্য সংকট, শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতির কারণে তারা কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। বহুবার সহায়তা দেওয়ার পরও কোনো উন্নতি না হওয়ায় তাদের একীভূত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।























