চালু হলো “আবহাওয়াবিদ” অ্যাপ, মিলবে বিনামূল্যে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা
- প্রকাশের সময় : ০৪:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 25
দেশের সাধারণ মানুষের কাছে সহজ ও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগসংক্রান্ত সতর্কতামূলক তথ্য পৌঁছে দিতে নতুন মোবাইল অ্যাপ “আবহাওয়াবিদ (Abohawabid)” উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) থেকে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু হয়েছে।
অ্যাপটির নির্মাতা মোস্তফা কামাল পলাশ, যিনি কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। আন্তর্জাতিকভাবে পরিচিত এই আবহাওয়াবিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের আবহাওয়া, বৃষ্টিপাত, কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজভাবে আবহাওয়া-সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে abohawa.com ওয়েবসাইট চালুর ধারাবাহিকতায় এবার তৈরি করা হয়েছে “আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপ। গত এক মাস ধরে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন পেশার প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহার করেছেন এবং তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন করা হয়েছে।
দীর্ঘদিনের অপেক্ষার পর আজ বুধবার থেকে গুগল প্লে স্টোরে অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্যোক্তা মোস্তফা কামাল পলাশ জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই “আবহাওয়াবিদ” অ্যাপের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে ব্যবহারকারীরা আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কবার্তাও দ্রুত জানতে পারবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























