রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়
আয়-ব্যয়ের হিসাব চেয়ে লিখিত অভিযোগের ৩ দিন পর প্রত্যাহারের আবেদন
- প্রকাশের সময় : ০২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 265
রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৩০ লাখ টাকার আয়-ব্যয়ের হিসাব চেয়ে বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দেওয়া হয় গত ৪ সেপ্টেম্বর। এর তিন দিন পর গত ৭ সেপ্টেম্বর ১৫ জন শিক্ষক স্বাক্ষরিত একটি পত্রে সেই অভিযোগ প্রত্যাহারের আবেদন করা হয়।
গত ৪ সেপ্টেম্বরের আবেদনে মোট ১৬টি খাতের কথা উল্লেখ করে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক জুন কক্স ২০১৩ সালে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১৬টি খাতের হিসাব স্বচ্ছতার সাথে না দেওয়া পর্যন্ত বিদ্যালয়ের কল্যাণের টাকা কোনভাবেই উত্তোলন সম্ভব নয়। বিধায় তথ্যগুলো প্রয়োজন। তদন্ত কমিটির মাধ্যমে কল্যাণের টাকা উত্তোলনের জন্য আবেদন করা হয়।
অন্যদিকে গত ৭ সপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দেওয়া আরেকটি আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্রে স্বাক্ষর করতে সহকারী শিক্ষক শাহীনা আক্তার বাধ্য করেন। তিনি এ বিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে সহকর্মীদের সাথে অশোভন আচরণ করেন। প্রধান শিক্ষক কিছুদিন যাবৎ বর্ধিত ভবনে অবস্থান করছেন। যেটা শাহীনা আক্তার মানতে পারছেন না। প্রধান শিক্ষক হিসাব দিতে অপারগতা প্রকাশ করেছেন- এটা একবারেই মিথ্যা। এজন্য আমরা অভিযোগটি প্রত্যাহাারের আবেদন করছি।
এবিষয়ে প্রধান শিক্ষক জুন কক্স বলেন, আমার সহকর্মীদের সাথে খুবই সুসম্পর্ক। যেহেতু বিষয়টি সামনে এসেছে, এটির তদন্ত হোক। তদন্ত হলেই বিষয়টি পরিস্কার হবে।
এবিষয়ে সহকারী শিক্ষক শাহীনা আক্তারের কাছে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
রাজবাড়ী জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন। এটি সময়য় সাপেক্ষ ব্যাপার। তদন্ত রিপোর্ট পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


























